চীনের সঙ্গে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) অধীনে বিশেষায়িত কমান্ডো ইউনিট গঠন করছে ভারত।
‘শৌর্য প্লাটুন’ নামে পরিচিত নতুন এসব ইউনিটকে চীনা বাহিনীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে কাছাকাছি দূরত্বে লড়াই, উচ্চ পার্বত্য এলাকায় অভিযান, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে নিক্কেই।
অরুণাচল প্রদেশে সীমান্তের কাছে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর নবগঠিত দলগুলোর কাজের প্রশংসা করেছেন আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ কাপুর। ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
পত্রিকাটির উদ্ধৃত বিশেষজ্ঞদের মতে, এসব কমান্ডোকে নিরস্ত্র লড়াই, পর্বতারোহণ, উচ্চ পার্বত্য এলাকায় টিকে থাকা, ড্রোন পরিচালনা এবং অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
শৌর্য প্লাটুনের ভূমিকা হবে প্রতিরক্ষামূলক
সেনাবাহিনীর ঘাতক অ্যাসল্ট ইউনিটের সঙ্গে শৌর্য প্লাটুনের মূল পার্থক্য হলো, নতুন এই ইউনিটগুলোকে প্রধানত প্রতিরক্ষামূলক দায়িত্ব দেওয়া হবে।
২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের পর এই উদ্যোগের সূত্রপাত। ওই সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের চারজন সেনা নিহত হন।
আগের ব্যবস্থার সঙ্গে নতুন এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, নতুন কমান্ডোরা স্থায়ী ইউনিট হিসেবে কাজ করবেন। এর আগে অভিযান পরিচালনার প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত দলগুলো অস্থায়ীভাবে গঠন করা হতো।
মোট কতজন সদস্য নিয়ে এসব ইউনিট গঠন করা হবে, তা প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, প্রতিটি ইউনিটে সব মিলিয়ে ৮০০ থেকে ১ হাজার ২০০ জন সদস্য থাকতে পারেন।
চীনের সীমান্ত অবকাঠামো নিয়ে কৌশলগত উদ্বেগ
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে সড়ক, রেলপথ, সুড়ঙ্গ ও বসতি নির্মাণসহ সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার চীনের প্রচেষ্টার মধ্যেই ভারতের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব অবকাঠামো বেইজিংকে দ্রুত অতিরিক্ত সেনা মোতায়েনের সক্ষমতা দিতে পারে।
তাই ভারতের নতুন কমান্ডো ইউনিটগুলোর কার্যকারিতা নির্ভর করবে নজরদারি ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, দুর্গম এলাকায় পৌঁছানোর সুযোগ এবং পর্যাপ্ত রসদ সরবরাহের ওপরও।