ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন: পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বুধবার ১২ আগস্ট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এবারের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন যুব উদ্যোক্তা এবং ধীতপুর একতা যুব ট্রাস্ট ক্লাবের সদস্যরা অংশ নেন।
সকালে উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অংশগ্রহণকারীরা চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চত্বরের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় যুব উদ্যোক্তারা।
অনুষ্ঠানে ইউএনও মোঃ ফিরোজ হোসেন বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; নিজেদের ঘর, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তরুণদের নেতৃত্বে পরিচ্ছন্ন ও সুন্দর ভালুকা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে যুবসমাজ একটি গুরুত্বপূর্ণ শক্তি। ব্যক্তিগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্বশীল হলে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন