
ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মসজিদ উন্নয়নে পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। যেসব ওয়ার্ডের মসজিদ এখনো উন্নয়ন বরাদ্দ পায়নি, সেগুলো পরবর্তী বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে কাউকে হতাশ না হওয়ার এবং তাঁকে ভুল না বোঝার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। আবার কেউ কেউ নিজেদের এলাকার উন্নয়ন না হওয়া এবং বরাদ্দ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।
সম্প্রতি ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় মসজিদসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দ দেওয়া হয়। তবে কিছু এলাকায় উন্নয়ন প্রকল্পের বরাদ্দ না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যের এই স্ট্যাটাস বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফেসবুক স্ট্যাটাসে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বাসিন্দাদের ‘সোনার মানুষ’ হিসেবে সম্বোধন করে ইলেন ভূট্টো বলেন, ২০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যেসব মসজিদের উন্নয়ন প্রকল্পে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলোর বাইরে যেসব ওয়ার্ড এখনো বরাদ্দ পায়নি, সেগুলোও পর্যায়ক্রমে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।
সংসদ সদস্য বলেন, বর্তমান বাজেটে যেসব ওয়ার্ড বরাদ্দ পেয়েছে, পরবর্তী বাজেটে সেগুলোকে অগ্রাধিকার না দিয়ে বাদ পড়া ওয়ার্ডগুলোর উন্নয়নে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই।
নলছিটিবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, তাঁদের উন্নয়নের স্বার্থে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিটি ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। নলছিটি ও ঝালকাঠির মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
যেসব ওয়ার্ডের মসজিদ এখনো উন্নয়ন বরাদ্দের আওতায় আসেনি, সেগুলোও ধারাবাহিকভাবে বরাদ্দের আওতায় আনা হবে উল্লেখ করে ইলেন ভূট্টো বলেন, ‘ভুল বুঝবেন না, কেউ হতাশ হবেন না।’ উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সবকিছু একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে প্রতিটি এলাকার উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি সবাইকে ধৈর্য ধরার, একে অপরের প্রতি আস্থা রাখার এবং ঝালকাঠি ও নলছিটির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে এবং পিছিয়ে পড়া এলাকাগুলো অগ্রাধিকার পাবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ঝালকাঠি ও নলছিটির মানুষকে ‘সোনার মানুষ’ বলে সম্বোধন করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। এ বক্তব্যের পর সংসদে ও সংসদের বাইরে তাঁকে নিয়ে আলোচনা হয়। সংসদীয় এলাকার মানুষকে এভাবে সম্বোধন করায় অনেকে তাঁকে ধন্যবাদ জানান।




