ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১ শতাংশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভোলায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৭১ শতাংশ। জেলায় মোট ১৪ হাজার ১শ’ ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২৫ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের দিক থেকে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৪শ’ ৫৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১শ’ ৫৬ জন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১শ’ ৫৭ জন এবং ছাত্রী ১শ’ ৮৩ জন। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ভোলায় মোট ২শ’ ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কাঙ্খিত ফল পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক সন্তোষ প্রকাশ করেছেন। তবে সামগ্রিক পাসের হার প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হতাশাও দেখা গেছে। বিশেষ করে গত বছরের তুলনায় এবারের ফলাফলে ভোলায় পাসের হার কমেছে, ফলে সার্বিক ফলাফল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে ভাবনার জায়গা তৈরি হয়েছে।
ফলাফলের পরিসংখ্যান বলছে, সংখ্যার বিচারে শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। ফলে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় মেয়েদের ধারাবাহিক সাফল্যের বিষয়টি এবারও স্পষ্ট হয়েছে। তবে জেলার সামগ্রিক পাসের হার ৫৩ দশমিক ৭১ শতাংশে নেমে আসায় শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিদ্যালয় ভিত্তিক বিশ্লেষণ, দুর্বলতার কারণ চিহ্নিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে এসএসসি পরীক্ষার ফলাফলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। এ বছর বিদ্যালয়টির ২শ’ ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০৮ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে এসএসসি পরীক্ষার ফলাফলে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২শ’ ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২শ’ ২০ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২৪ শতাংশ।
শতভাগ ফলাফল : এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো- সৈয়দা তাহিফা নূর, নুসকাত আরা নাফিজা, জান্নাতুল মাওয়া তাহিয়া, আনন্যা আফনিন জেনিট, তামিম ইসলাম ও মো. আরাফাতুল্লাহ মাফি। ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন জিপিএ-৫-এর পাশাপাশি ৪-এর ওপরে জিপিএ অর্জন করেছে। মানবিক বিভাগের শিক্ষার্থীরাও সন্তোষজনক ফল করেছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এই সাফল্য এসেছে। শতভাগ পাসের পাশাপাশি ৬ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের বলে উল্লেখ করা হয়েছে। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনেও সাফল্য ধরে রাখার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক