![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১২:১৯ পি.এম
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
ভোলার রাজাপুরে বিএনপি নেতা হোসেন হাওলাদারকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে গণপিটুনির শিকার মো. আসিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসিব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ধলু হাওলাদার। আহত হোসেন হাওলাদার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্জন স্থানে লুডু খেলাকে কেন্দ্র করে আসিব ও বিএনপি নেতা হোসেন হাওলাদারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে আনন্দবাজার এলাকায় তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হলে আসিব ধারালো ছুরি দিয়ে হোসেন হাওলাদারকে আঘাত করে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে।
পরে আহত বিএনপি নেতাকে প্রথমে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশাল হয়ে ঢাকায় নেওয়া হয়।
এদিকে, রাত আনুমানিক ৯টার দিকে আনন্দবাজার এলাকায় আসিব গণপিটুনির শিকার হন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নিহতের সুরতহাল ও ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতার ওপর হামলা এবং যুবকের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.