ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে সোমবার (২০ এপ্রিল) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রল) জব্দ করা হয়। ওই জ্বালানির মূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা। দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ওই তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে স্থানান্তর করছিল।
সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।



