![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:০০ পি.এম
ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অভিযানে ২১ লক্ষ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চারাই স্বর্ণালংকার ও নগদ ৫ (পাঁচ) লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আঃ আলী (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
১৩/১১/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামক একটি দোকানে এক ব্যক্তি বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ইউসুফ এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ জামাল, এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির কাছে থাকা একটি কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার নাম-ঠিকানা মোঃ আঃ আলী (৩৯), পিতা-বশিরদ্দিন, মাতা-মাফিয়া, সাং-টুঙ্গীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ বলে জানায়। স্বর্ণালংকারগুলোর বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত মেমো বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে স্বর্ণালংকারগুলো নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় বিভিন্ন প্রকারের স্বর্ণালংকারের পরিমাণ সর্বমোট ৯ (নয়) ভরি ১৫ (পনেরো) আনা ১ (এক) রতি পাওয়া যায়। এছাড়া তার হেফাজত থেকে ০২ জোড়া ব্রোঞ্জের রুলি, ০২ জোড়া সিটি গোল্ডের চুরি, ০১ টি তামার ব্রেসলে এবং তার সাথে থাকা ব্যাগ থেকে ১,০০০/- টাকা মূল্যমানের ২টি বান্ডিল এবং ৫০০/- টাকা মূল্যমানের ৬টি বান্ডিলসহ সর্বমোট ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা যথাযথ জব্দতালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রাপ্ত একটি মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ আলী (৩৯) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার জনৈকা সাম্মা তাছলিমের বাসা থেকে উক্ত স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসে এবং বিক্রির চেষ্টা করছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, উক্ত ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করছেন।
উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ আলী (৩৯) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ আলী (৩৯) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.