
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায়
লোকনাথপুরে বাড়ির পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে(আনুঃ ৩/৪)টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার গোলজার আলীর ছেলে কেরামত আলীর বাড়িতে দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম বরু(৪৬) পানির মটর চুরি করতে যায়। একপর্যায়ে টিউবয়েলের পাশে থাকা মটরের বৈদ্যুতিক সংযোগের তার কাটার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে কেরামত আলীর ভাইয়ের স্ত্রী নামাজের জন্য ওজু করতে বাইরে বের হলে বাড়ির পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে স্থানীয়রা সেখানে ছুটে আসেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানজেরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটর চুরির সময় বৈদ্যুতিক তার কাটতে গিয়ে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এর আগেও চুরির অভিযোগে তাকে গণধোলাই দেওয়া হয়েছিল।





