পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকা থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে দশটার দিকে হারুন কমিশনারের পুরাতন বসত বিল্ডিংয়ের নিচ তলা থেকে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-(১) মঠবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ হারুন অর রশীদ (২) মিরুখালী রোড এলাকার বিজন কুমার চৌধুরী (৩)উত্তর কলেজ রোড এলাকার মোঃ শহিদুল ইসলাম মনির (৪) সবুজ নগর এলাকার মোঃ শহীদ গাজী (৫) ওই একই এলাকার মোঃ রফিকুল ইসলাম কালাম এবং (৬) বড় মাছুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মীর মিনহাজুল ইসলাম।
গ্রেফতারকৃতদের ওই রাতেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে মঠবাড়িয়া উপজেলার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একপর্যায়ে মাদক ক্রয় বিক্রয় সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেটের ওই বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা ছুটাছুটি শুরু করে। মাদক ব্যবসায়ী হারুন অর রশীদ (হারুন কমিশনার) বিল্ডিংয়ের ছাদে উঠে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করলে তার দুই পায়ের গোড়ালিতে আঘাতপ্রাপ্ত হয়।ডিবি পুলিশের চৌকস দল স্থানীয়দের সহযোগিতায় মাদকের সাথে জড়িত সকলকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়। হারুন কমিশনারকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত সকলকেই আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত আসামীকেও প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে।




