মঠবাড়িয়ায় ট্যাক্সের টাকা আত্মসাৎ : ডিসি অফিসে অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদে অত্যান্ত কঠোর ও শোষণমূলকভাবে ট্যাক্স আদায় করা হয়েছে।ইংরেজ আমলের মত ট্যাক্স না দেওয়া পর্যন্ত ঘরের সামনে আদায়কারীদের বসে থাকতেও শোনা গেছে। ইউনিয়ন পরিষদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ১০ জন ট্যাক্স আদায়কারীর মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা ট্যাক্স আদায় করা হলেও আদায়কৃত এ টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে বড় একটি অংশ আত্মসাৎ করা হয়েছে।
বিষয়টি জনস্বার্থে খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।তদন্ত শেষে তদন্ত প্রতিবেদনের একটি ফটোকপি যাতে পাওয়া যায় সে বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে।
 জানা গেছে, ট্যাক্স আদায়কারী এনজিও লোকেরা ঘরে ঘরে গিয়ে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা আদায় করেছে।২০২৫ ও ২০২৬ এই দুই বছরে গ্রামবাসীর হোল্ডিং ট্যাক্সের টাকা কত আদায় করা হয়েছে আর কত জমা হয়েছে তা সঠিকভাবে তদারকি করতে পারেনি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।উত্তোলিত অর্থ নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা না দিয়ে অধিকাংশ টাকাই আত্মসাৎ করা হয়েছে। হত দরিদ্র মানুষের কাছ থেকেও হোল্ডিং ট্যাক্সের নামে অর্থ আদায় করা হয়েছে। সোহেল রানা নামে একজন ভুয়া সাংবাদিক ও ভুয়া এনজিওকর্মী ৮/১০ জন লোক নিয়ে সাপলেজা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ টাকা আদায় করেছে।
স্থানীয়দের ধারনা, অফিসিয়াল রশীদের পরিবর্তে জাল রশীদ ছাপিয়ে ট্যাক্স আদায় করা হয়েছে।ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ১২০০ খানার বিপরীতে ৯টি ওয়ার্ডে ১০ হাজার ৮০০ খানা রয়েছে। আর এ জন্য কমপক্ষে ১০০টি রশীদ বই প্রয়োজন হলেও মাত্র ৫৩টি রশীদ বই ব্যবহার করা হয়েছে। বাকি বইগুলো পরিষদ থেকে না নিয়ে আদায়কারীরা ছাপিয়ে নিয়েছে।আর এভাবে ভুয়া রশীদের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পিরোজপুর জেলা প্রশাসক বরাবর লিখিত ওই অভিযোগে সাপলেজা ইউনিয়ন পরিষদের ট্যাক্স এসেসমেন্ট স্থানীয় সরকার বিধি অনুযায়ী হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। গ্রাম পুলিশ ছাড়া ভুয়া এনজিও লোকদের মাধ্যমে আদায়কৃত টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়টিতে হাল নাগাদ ট্যাক্স কমপক্ষে ২০ লাখ টাকা আর ৩/৪ বছরের বকেয়া নিয়ে অর্ধ কোটি টাকা আদায় হওয়ার কথা। সেখানে হাল নাগাদ ও বকেয়া নিয়ে মোট আদায় দেখানো হয়েছে মাত্র ১২ লাখ টাকা। যা হাস্যকর ও অবান্তর। এখানে আদায়কৃত টাকার বড় একটি অংশ আত্মসাৎ করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন