মঠবাড়িয়ায় ডিবির অভিযানে মাদক সম্রাট রিফাত মীর গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে কথিত মাদক সম্রাট রিফাত মীর গ্রেপ্তার হয়েছেন। তিনি বড় মাছুয়া ইউনিয়নের বিএনপির সাবেক সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মীর মনির উদ্দিন ছগিরের ভাতিজা বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের একটি নির্দিষ্ট স্থান থেকে রিফাত মীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রিফাত মীর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার একটি শক্তিশালী চক্র রয়েছে। তার কারণে এলাকায় তরুণ সমাজ বিপথগামী হচ্ছিল বলেও অভিযোগ করেন তারা।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রিফাত মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন