‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করো’—এই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বানে মোংলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে মোংলা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর মোংলা পৌরসভার সামনে দিয়ে উপজেলা চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি চলাকালীন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জোর দাবি জানান।
অতিথিবৃন্দ ও আলোচনা:
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ শেখ রুহুল আমিন (সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখা)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতী নুরুজ্জামান বাগেরহাটী (সেক্রেটারি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ ইকবাল (সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখা)।
সমাবেশে বক্তারা বলেন,
“বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকরা প্রতিনিয়ত শোষিত হচ্ছে। অথচ ইসলাম শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করেছে। শ্রমিকদের ন্যায্য পাওনা ও প্রকৃত অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।” বক্তারা আগামীতে শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ
থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে বাগেরহাট জেলা শাখা ও মোংলা থানা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ শ্রমিক জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




