ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ‘সুন্দর মাঠ’ এলাকায় একই রাতে চার কৃষকের সেচপাম্প (সেচ মোটর) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি মৌসুমে জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা মাঠে থাকা কৃষিকাজে ব্যবহৃত চারটি সেচপাম্প খুলে নিয়ে যায়। সোমবার সকালে মাঠে গিয়ে কৃষকেরা সেচপাম্প না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন—গাড়াবাড়ীয়া গ্রামের মৃত গহর আলী মণ্ডলের ছেলে আজিজার রহমান, খায়রুল ইসলাম, রাব্বি ও আব্দুস সালাম। একই রাতে চারটি সেচপাম্প চুরি হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের দাবি, সেচপাম্প ছাড়া সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব না হলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ক্ষতিগ্রস্ত কৃষক খায়রুল ইসলাম বলেন, “ফসল বাঁচিয়ে রাখতে সেচপাম্পই ছিল আমাদের প্রধান ভরসা। হঠাৎ পাম্প চুরি হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এখন কীভাবে জমিতে সেচ দেব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




