শীতের এই কনকনে ঠান্ডায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করেছে মাগুরা সদর ও শালিখা উপজেলা রাইস মিল মালিক কল্যাণ সমিতি। সংগঠনের উদ্যোগে এলাকার শীতার্ত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ, চাল, শীতের কম্বল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় বুনাগাতী বাজারে মোল্যা অটো ফ্লাওয়ার মিলের সামনে আয়োজিত এই মানবিক বিতরণ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তীব্র শীতে এমন প্রয়োজনীয় সহায়তা ও উপবৃত্তি পেয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীের মুখে হাসি ফোটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী এবং হিসাবরক্ষক মো. ফারুক মোল্যা। এছাড়া স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা রাইস মিল নাঘষার মো. দাউদ হোসেন, সততা রাইস মিল হরশপুরের মো. ফরহাদ, মনির রাইস মিল তালখড়ীর মনির হোসেন এবং রাইস মিল ছান্দড়ার শরিফুল ইসলামসহ সমিতির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কেবল দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ জোগাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতের এই দুর্দিনে গরিব মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।"
সংগঠনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ, সুবিধাভোগী, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীসমাজ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য সংগঠনগুলোও এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।