পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চলমান নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন এবং অন্য কোথাও স্থানান্তর না করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রায় চার থেকে পাঁচশত মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও তা ধীরগতিতে এগোচ্ছে, যা শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। তারা জোর দাবি জানান, কোনোভাবেই এই প্রকল্প অন্য কোথাও স্থানান্তর করা যাবে না—এখানেই দ্রুত কাজ সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কে. এম. ইয়াকুব আলী, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৮নং ওয়ার্ড, মঠবাড়িয়া পৌরসভা। এছাড়াও বক্তব্য রাখেন তাহসিন জামান রোমেল, সাবেক সদস্য সচিব, মঠবাড়িয়া উপজেলা যুবদল।
মানববন্ধনের সমাপনী বক্তব্য দেন তোতা মোল্লা। তিনি বলেন, এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা অত্যন্ত জরুরি এবং এটি অন্যত্র নেওয়ার কোনো সুযোগ নেই।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।




