মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জমে উঠেছে শ্রমিকের হাট দৈনিক মজুরি ১২০০ টাকা পর্যন্ত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন ভোর থেকেই বসছে অস্থায়ী শ্রমিকের হাট। কাজের সন্ধানে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক শ্রমিক এখানে জড়ো হচ্ছেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ঠিকাদার, কৃষক ও গৃহস্থরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক নিয়ে যাচ্ছেন বিভিন্ন কাজে।
জানা গেছে, বর্তমানে ইরি-বোরো ধান কাটা, নির্মাণ কাজ, মাটি কাটাসহ বিভিন্ন ধরনের শ্রমের চাহিদা বেড়ে যাওয়ায় শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। কাজের ধরন ও দক্ষতা অনুযায়ী একজন শ্রমিক দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন। অতিরিক্ত সময় কাজ করলে আয় আরও বাড়ছে।
শ্রমিকদের অনেকেই এসেছেন সিরাজগঞ্জ, রংপুর, বগুড়া ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে। জীবিকার তাগিদে পরিবার-পরিজন রেখে তারা মানিকগঞ্জে অবস্থান করছেন। প্রতিদিন সকালে বাসস্ট্যান্ড এলাকায় এসে কাজের অপেক্ষায় থাকেন তারা।
রংপুর থেকে আসা এক শ্রমিক বলেন, “গ্রামে তেমন কাজ নেই। তাই সংসার চালাতে এখানে এসেছি। প্রতিদিন কাজ পেলে ভালোই আয় হয়।”
সিরাজগঞ্জ থেকে আসা শ্রমিক রুবেল বলেন, “আগের তুলনায় মজুরি কিছুটা বেড়েছে। কিন্তু বাজারে সবকিছুর দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে।”
এদিকে দৌলতপুর থেকে শ্রমিক নিতে আসা কৃষক দিলওয়ার হোসেন বলেন, “ধান কাটার জন্য শ্রমিক নিতে এসেছি। কিন্তু কামলার দাম অনেক বেশি। বীজ, সার, কীটনাশক, জমি চাষ, আগাছা পরিষ্কার, ধান কাটা ও মাড়াইসহ সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে গেছে। এতে ধানের ন্যায্য দাম পাওয়া না গেলে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন।”
স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের ভিড়ে পুরো এলাকা কর্মচাঞ্চল্যে ভরে ওঠে। প্রতিদিন কৃষি ও নির্মাণ কাজের জন্য এখান থেকে শ্রমিক নেওয়া হচ্ছে।
শ্রমিকরা জানান, নিয়মিত কাজের সুযোগ ও থাকার ভালো ব্যবস্থা নিশ্চিত করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন