প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ১০:৪৩ এ.এম
মান্দায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতাল মোড় এলাকায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) মান্দা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া প্রতিনিধিরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এসময় তারা জানান, মেডিক্যাল প্রমোশন অফিসাররা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। কর্মক্ষেত্রে অপমান, হয়রানি ও অনিরাপদ পরিবেশ বন্ধ করে শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন ফারিয়া মান্দা শাখার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. মাছুদ রানা, আব্দুল্লাহ-আল মামুন, মাইনুর ইসলাম এবং কামরুজ্জামানসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় অবহেলা ও বৈষম্যের শিকার হন। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে মান্দা উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.