জন্মদাত্রী মায়ের ওপর ছোট ভাইয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে অকালেই প্রাণ হারালেন বড় ভাই আশরাফুল ইসলাম ফুলুন (৪০)। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত ছোট ভাই বাবু তার মায়ের ওপর চড়াও হন। মায়ের ওপর হামলার উপক্রম দেখে বড় ভাই ফুলুন তাকে বাধা দিতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবু হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাইয়ের পেটে সজোরে কোপ দেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে, ঘটনাস্থলেই ফুলুনের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, অভিযুক্ত বাবু দীর্ঘ দিন ধরেই অস্বাভাবিক আচরণ করতেন। প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান, বাবু প্রায়ই লোকজনের সাথে উগ্র ব্যবহার করতেন এবং নির্জন জঙ্গলে ঘুরে বেড়াতেন।
ঘটনার পর থেকেই ঘাতক বাবু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনকুড়া গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।




