
মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল (৯২৫) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী।
শনিবার দুপুর ১টার দিকে বেনাপোল (৯২৫) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শহিদ আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি তিনি বেনাপোল (৯২৫) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করে বলেন, একটি মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাকে এবং তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে যে সংবাদ ও তথ্য প্রচার করা হয়েছে, সেগুলোকে তিনি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
শহিদ আলী বলেন, ‘আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের কারণে আমি ও আমার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছি।’
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন। একপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকৃত তথ্য তুলে ধরলে সাধারণ মানুষ বিভ্রান্তি থেকে রক্ষা পাবে। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগের বিষয়ে সঠিক তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বেনাপোল (৯২৫) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান (তবি), কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




