
মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার আর নেই। ৮৫ বছর বয়সে বুধবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের মধ্য কোটগাঁও এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন খোরশেদ আলম দিদার। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরকেওয়ার গ্রামের প্রয়াত কফিল উদ্দিন দিদারের ছেলে।
মৃত্যুকালে তিনি তিন ছেলে—মিলন দিদার, মিজান দিদার ও বাবু দিদার, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর জেলা শহরের শহর জামে মসজিদে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রাম চরকেওয়ারে। সেখানে ইউনিয়নের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজার নামাজ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার এবং সদর থানা পুলিশের একটি দল। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গ্রামের স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ও দেশের স্বাধীনতা অর্জনে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার হারাল একজন অভিভাবক, আর এলাকাবাসী হারালেন দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধাকে।
এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁর প্রবাসী দুই ছেলে মিজান দিদার ও বাবু দিদার। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।





