মেধাবীদের পুরস্কার, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা হাজী আশরাফ উদ্দিনের

সন্তানের ফলাফল খারাপ হলে বকাঝকা না করে তাকে উৎসাহ ও সাহস জোগানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি এই স্কুলেরই ছাত্র। প্রায় ৪০ বছর পর আজ নিজের স্কুলে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। এই বিদ্যালয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে এবং তাদের কোনো সমস্যা হলে তা সমাধানে পাশে থাকার চেষ্টা করব।
তিনি বলেন, সন্তানের ফলাফল ভালো বা খারাপ-যাই হোক না কেন, তাকে বকাঝকা করা যাবে না। বরং ভুলগুলো বুঝিয়ে দিয়ে উৎসাহ দিতে হবে। আজ কোনো বিষয়ে খারাপ করলেও নিয়মিত অনুশীলন ও উৎসাহ পেলে আগামীতে সে ভালো ফলাফল করতে পারবে। অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে তিনি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, কোনো শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়লে বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি তাকে জানালে তিনি সাধ্যমতো আর্থিক সহযোগিতা করবেন।
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে হাজী আশরাফ উদ্দিন বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং অবসর সময়ে কী করছে-এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। বিশেষ করে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে সন্তানদের দূরে রেখে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ আরও ভালোভাবে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন না করে তাদের মেধা, আগ্রহ ও সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশুর ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে ওঠে। তাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিতারা সুলতানা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক (২০২৬) প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়

৪৮ বছরের ঐতিহ্য, ত্যাগ ও সংগ্রাম—গণতন্ত্রের পথে বিএনপি অদম্য কুমারখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা