মেহেন্দিগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানোর লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত কৃষি সরঞ্জাম ও বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রিয়াজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষি বিপ্লবে নতুন মাত্রা যোগ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকশ সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আধুনিক কৃষি প্রযুক্তির সরঞ্জাম এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের সার ও বীজ তুলে দেওয়া হয়।




