বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ‘প্রমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি ফেইজ-৩)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ। এছাড়াও কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ম্যানেজার মো. জিল্লুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
খ্রিস্টিয়ান সার্ভিস কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রির সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে তিনি প্রতিষ্ঠানের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের ২৮টি জেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রয়েছে। দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
সভায় মোড়লগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের বাজেট, বাস্তবায়ন পরিকল্পনা, লক্ষ্য ও নতুন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি।
অনুষ্ঠানে আমন্ত্রিত সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের বিভিন্ন সেবা, সুযোগ-সুবিধা ও চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভায় সরকারি কর্মকর্তা, সিসিডিবির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।