![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৭:০২ এ.এম
মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন নারী, যশোর নেওয়ার পথে মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত থানার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের মেয়ে। তিনি কয়েকদিনের জন্য ঝিনাইদহের কালীগঞ্জে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে থামার পর যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে ওঠানামা করছিলেন। এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে রাবেয়া খাতুন দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন।
একপর্যায়ে ট্রেনে ওঠার সময় তার পা পিছলে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে তার একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মুমূর্ষু অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত যশোর নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন ছাড়ার সময় ওই নারী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রেলস্টেশনে চলন্ত বা ছাড়তে থাকা ট্রেনে ওঠার সময় অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.