বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত জিসান আহমেদ গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) ঢাকার চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গোলামের হোটেলে খাবার খেতে যান। এ সময় তারা যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর উদ্ধার অভিযান চালায়।
অবশেষে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল নদী থেকে জিসানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় খবর পেয়ে রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, খবর পেয়ে আমরা চলে এসেছি মরদেহ গ্রহণের জন্য।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।