![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৮:২৮ পি.এম
রমিজ উদ্দিন স্মৃতি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া মাহফিল
শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং সমাজসেবক মরহুম রমিজ উদ্দিনের স্মৃতি স্মরণে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁওয়ে জমকালো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন সিআরপির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. সোহরাব হোসেন।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র এলাকার বিভিন্ন স্কুলের এসএসি ২০২৬ সালের কৃতকার্য শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন মরহুম রমিজ উদ্দিনের সুযোগ্য সন্তান ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
আমিনুর রহমান বলেন, "আজকের এই আয়োজন আমার বাবার স্মরণে। শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের পড়াশোনায় আরও মনোযোগী করতে চাই।"
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সালাউদ্দিন বাবু কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করতে হবে।"
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এলাকায় মাদক নির্মূল ও যুব সমাজকে রক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, "মাদক ও সন্ত্রাসমুক্ত পাথালিয়া গড়তে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে।"
অনুষ্ঠানে এসএসসি ২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.