রাজবাড়ীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষ আনন্দ-উৎসাহে নতুন বছরকে বরণ করে নেয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আমতলা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ-এর নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে শহীদ খুশি রেলওয়ে মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, খেলনা এবং বাহারি খাবারের স্টল ঘিরে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
এছাড়া রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে রাজবাড়ী আজাদী ময়দানে জাসাসের আয়োজনে দিনব্যাপী গান, নৃত্যসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জেলার বিভিন্ন উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সব মিলিয়ে উৎসব, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয় রাজবাড়ীর মানুষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন