![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৪:১৭ এ.এম
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব জানায়, শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর গ্রামের মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী এলাকার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার মিলন হোসেনের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে র্যাব-১০ বলেছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.