রাজবাড়ীর বালিয়াকান্দিতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগে ২ বযবসায়ীর জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় রোধে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর  বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোলের বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসময় রুমা পেট্রোল থেকে উদ্ধারকৃত সকল পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের কাছে তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মোঃ হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মোঃ শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়েছে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন