রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাত অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, পরিবারকে খুঁজছেন প্রশাসন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কয়েকদিন ধরে রাস্তার পাশে অবস্থান করা এক অজ্ঞাত অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উপজেলা প্রশাসন। তার পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গত তিন-চারদিন ধরে ওই নারী ফুটপাতে বসে থাকতেন। স্থানীয় রনি হোসেন বলেন, গত তিন-চারদিন ধরে পাইলট স্কুলের সামনে সবসময় অজ্ঞাত মহিলা বসে থাকে। কথা বলে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, তিনি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় নারীটিকে রাস্তার পাশে দেখতে পান। তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলা সম্ভব হয়নি। পরে জানা যায়, তিনি কয়েকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন এবং অন্তঃসত্ত্বা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, এসএসসি পরীক্ষার কেন্দ্র ভিজিটে যাওয়ার সময় পাইলট স্কুলের সামনে অজ্ঞাত ওই নারীকে দেখতে পান ইউএনও মহোদয়। পরে তিনি আমাকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যানযোগে এনে নারীটিকে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আলট্রাসনোগ্রাফিতে তার গর্ভের বয়স আনুমানিক ৭ মাস বলে জানা গেছে।
তবে বর্তমানে ওই নারী হাসপাতাল থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, ফলে তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তার পরিচয় শনাক্ত ও দেখভালের জন্য পরিবারের সন্ধান জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন