সারা দেশের মতো রাজশাহী জেলা ও সিটি করপোরেশন এলাকায় গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হামের টিকাদান ক্যাম্পেইন, যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এদিকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় গত দুই দিনে মোট ৪৯০ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত শনিবার ২৯৩ জন এবং গত রবিবার ১৯৭ জন শিশুকে এই টিকা দেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন। চলতি বছর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তির পর মারা গেছেন ৫৭ জন এবং পরীক্ষাকল্পে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে মারা গেছেন ১ জন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, “চলতি মৌসুমের প্রথম ক্যাম্পেইনে ৬৫ হাজার শিশুকে টিকা দিয়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছিল। বর্তমানে নতুন করে ৬ মাস বয়স পূর্ণ হওয়া ২ হাজার ৫৬৭ শিশুকে পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত জেলায় ২ লাখ ৫ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে এর বাইরেও যদি কোনো শিশু হামের টিকার আওতার বাইরে থেকে থাকে, তবে তাদেরও দ্রুত টিকার আওতায় নিয়ে আসা হবে।