দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোপন সূত্রে জানা যায়, রানীরবন্দর বাজারের মাংস বিক্রেতা মো. রনি ইসলাম তার বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ দল সেখানে অভিযান চালায়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ জানান, “অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”




