রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল উশৃঙ্খলাপূর্ণ ছাত্রের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এদিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে জরুরি বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এমনকি তারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে জানাচ্ছে যে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী যথাযথ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।