রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) ‘নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে লাইভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, “রাজশাহী মহানগরীকে একটি আধুনিক ও সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে নগরবাসীর মতামত ও পরামর্শ নিয়ে নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে নিরলস কাজ করে যাওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় রাসিক এলাকার সার্বিক পরিবেশ সংরক্ষণ, বিশেষ করে পুকুর ও জলাধার রক্ষা, পার্ক ও খেলার মাঠের উন্নয়ন, গণপরিসর সবুজায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলআইসিএ (LICA) প্রকল্পের আরবান ফরেস্ট্রি অ্যান্ড নার্সারি অ্যাডভাইজার পঞ্চানন কুমার ঢালী, প্রজেক্ট কম্পোনেন্ট ম্যানেজার বিপাশা দত্ত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।