
কুড়িগ্রামের উলিপুরে রুকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত পুনঃতদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বড় মসজিদ মোড় (গবার মোড়) এলাকায় পাণ্ডুল ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট সকালে রুকাইয়া আক্তার রিংকিকে নিজ শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও পরিবার ও স্বজনরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, হত্যাকাণ্ডের পর পুলিশ মো. আশাদুজ্জামান আসিফসহ দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। মামলার তদন্ত-সংক্রান্ত নথিতে রিংকির সঙ্গে আসিফের পূর্বপরিচয়, প্রেমের প্রস্তাব নিয়ে বিরোধ এবং পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করার বিষয় উল্লেখ রয়েছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়।
পরবর্তীতে মামলার চূড়ান্ত প্রতিবেদনে আসিফসহ সংশ্লিষ্টদের অব্যাহতির আবেদন করা হলে বাদীপক্ষ এতে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত ওই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডি, কুড়িগ্রামকে দায়িত্ব দেওয়ার আদেশ দেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় এলাকাবাসীর দাবি, পুনঃতদন্ত যেন কোনো ধরনের প্রভাব বা চাপমুক্ত পরিবেশে সম্পন্ন করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, তদন্তে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে রুকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করবে।




