![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ১১:২২ এ.এম
রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিতে বালু ভরাটের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা নেওয়ার পর আরও এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক যুবদল নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যক্তিকে মারধর করারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত ব্যক্তির নাম সারফরাজ। তিনি উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাড়িয়াছনি গ্রামের বাসিন্দা এবং বহিষ্কৃত যুবদল নেতা বলে জানা গেছে।
ভুক্তভোগী রোকেয়া ইয়াছমিন ও তাঁর স্বামী ওসমান গণির অভিযোগ, তাঁদের জমিতে বালু ভরাট করে দেওয়ার কথা বলে সারফরাজ এক লাখ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর সাত দিন পার হলেও বালু ভরাটের কোনো কাজ শুরু করেননি তিনি। পরে রোকেয়া ইয়াছমিন ও তাঁর স্বামী টাকা ফেরত চাইতে গেলে সারফরাজ ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাঁদের কাছে আরও এক লাখ টাকা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত এক লাখ টাকা না দিলে তাঁদের জমিতে বালু ভরাট করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এ সময় তাঁরা বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে সারফরাজ ও তাঁর সহযোগীরা ওসমান গণিকে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমিতে বালু ভরাটের কাজ নিয়ে এমন পরিস্থিতির কারণে তাঁরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সারফরাজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো মামলার তথ্য বা আইনগত সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, টাকা উদ্ধারের ব্যবস্থা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সারফরাজের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রতিবেদনে যুক্ত করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.