স্থানীয় সূত্রে জানা গেছে, আরবি স্টিল, হাইটেক স্টিল, বিক্রমপুর স্টিল, আল-ফালা, আল-রাজি, কবির স্টিল, আল-আরাফা, এএসআরএম, ছালছাবিল, প্রিমিয়ার ও মজুমদার স্টিলসহ ১৪টি কারখানার অধিকাংশ থেকেই কালো ধোঁয়া নির্গত হচ্ছে। কারখানাগুলোর বায়ুদূষণ নিয়ন্ত্রণব্যবস্থা ও শ্রমিক নিরাপত্তা নিয়েও রয়েছে নানা অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, কারখানার চুল্লিতে পুরোনো লোহা গলানোর সময় কালো ধোঁয়া ও ছাই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। চিমনি ছাড়াও কারখানার টিনের ছাউনি ও দেয়ালের ফাঁক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এতে বাড়িঘর, গাছপালা ও বিভিন্ন স্থাপনায় কালো আস্তরণ জমছে। ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো, বলাইখা, আড়িয়াবো, বরপা ও মৈকুলী এলাকায় ধোঁয়ায় সড়ক আচ্ছন্ন হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, কারখানাগুলোতে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বর্জ্যপানি পরিশোধনের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের কারণে প্রতিবাদ করতেও অনেকে সাহস পান না।
বরপা গ্রামের নাইমুল ইসলাম বলেন, মিলের কালো ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকার হয়ে থাকে। আড়িয়াবো গ্রামের হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ধোঁয়া নির্গত হয়। এতে শিশু ও নারীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কর্ণগোপ গ্রামের বাদল হোসেন বলেন, ধোঁয়ার কারণে গাছের ফলন ও সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই গ্রামের সাইফুল ইসলাম অভিযোগ করেন, কারখানার দূষিত গরম পানি খালে ফেলায় মাছ মারা যাচ্ছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, স্টিল মিলের কালো ধোঁয়ার বিষয়ে পরিবেশ অধিদপ্তরে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। এতে পোশাক কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ বলেন, পরিবেশগত ছাড়পত্র নিয়েই সব নিয়ম মেনে কারখানা পরিচালনা করা হচ্ছে। প্রিমিয়ার স্টিলের পরিচালক নাছির উদ্দিন বলেন, তাঁদের কারখানায় আধুনিক পদ্ধতিতে রড উৎপাদন করা হয় এবং নির্ধারিত উচ্চতার চেয়ে বেশি, ১২০ ফুট উঁচু চিমনি ব্যবহার করা হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরূপ রতন নাহা বলেন, ধোঁয়া মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর প্রভাবে সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর সংখ্যা বাড়ছে।
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদ বলেন, ধোঁয়া পরিশোধন ও চিমনির নির্ধারিত উচ্চতা বজায় রাখা জরুরি। পরিবেশদূষণের জন্য দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো শিল্পকারখানা পরিচালনার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দায়ী কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।