
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন কাঞ্চন-ডাঙা সড়কের মাঝখানে রেখেই শেষ করা হচ্ছে নির্মাণকাজ। পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে শতাধিক বিদ্যুতের খুঁটি রয়েছে। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের মূল অংশে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। খুঁটি এড়িয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, সদ্য নির্মিত কংক্রিটের সড়কের মাঝখানে ও চলাচলের অংশে দাঁড়িয়ে আছে একের পর এক বিদ্যুতের খুঁটি। সড়কটির নির্মাণকাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও খুঁটিগুলো এখনো অপসারণ করা হয়নি। ফলে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, ভারী যানবাহন চলাচল শুরু হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণের শুরুতে খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাছে আবেদন করা হলেও স্থানান্তরের নির্ধারিত অর্থ সময়মতো জমা না পড়ায় খুঁটিগুলো সরানো হয়নি। এতে এখন খুঁটি সরানোর পর সড়কের কিছু অংশ পুনরায় মেরামত করতে হবে।
ভোলাব ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা কাজী রেজাউল হক ও কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের এসএম আবু কাউছার বলেন, সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতে চলাচল করতে গিয়ে চালকদের বেশি সমস্যায় পড়তে হয়। দ্রুত খুঁটিগুলো অপসারণের দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, খুঁটি অপসারণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নয়টি খুঁটি সরানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাকি খুঁটিগুলো অপসারণ করা হবে বলে আশা করছেন তিনি।




