রোগীর মৃত্যু ঘিরে দিনাজপুর মেডিকেলে উত্তেজনা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু ঘিরে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন, ফলে হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের লালবাগ এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে আব্দুস সামাদ (৬৫) বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে সিসিইউ-২ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা হাসপাতালে এসে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। এ নিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।
ঘটনার পর নিরাপত্তার দাবি ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পর সকাল ১০টার দিকে প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয় এবং আংশিকভাবে চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়। তবে ইন্টার্ন চিকিৎসকেরা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান জানান, রোগী ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে স্বজনেরা উত্তেজিত হয়ে চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সঙ্গে জরুরি বৈঠক হলেও ইন্টার্ন চিকিৎসকেরা তাতে অংশ নেননি এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন