বান্দরবানের লামা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক রাস্তার পাশে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘সাড়ে চার মাইল’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও একজন ম্যানেজার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরিণঝিরি বাজার থেকে খালি গ্যাসের সিলিন্ডার বোঝাই করে একটি বোলারু মিনি ট্রাক (চট্টমেট্রো-ন-১১-৮১৪৯) চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সাড়ে চার মাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির স্টিয়ারিংয়ের টায়ার রড খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে আনুমানিক ৮০-৯০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের সামনে থাকা দুইজন গুরুতর আহত হন। আহতরা হলেন—
মোঃ ইমাম হোসেন (২৫), ট্রাক চালক। তিনি লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মধুঝিরি এলাকার মোঃ শাহাদাত হোসেনের ছেলে।
মোঃ ফরিদ উদ্দিন (৩৩), গ্যাসের সিলিন্ডার মালিকের ম্যানেজার। তিনি লামা পৌরসভার ৯নং ওয়ার্ড হরিণঝিরি এলাকার মুকুল মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনো দুর্ঘটনাস্থলেই পড়ে আছে। খবর পেয়ে কুমারী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।




