লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান;গ্রেপ্তার- ৬

নাটোরের লালপুর উপজেলায় মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জোরদার করা হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার গোপালপুর এলাকার সুইপার কলোনিতে এ অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ। অভিযানে অবৈধ মাদকদ্রব্য (বাংলা মদ) সেবনরত অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত আটককৃত প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সাজা কার্যকর করতে দণ্ডপ্রাপ্তদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), জানান—মাদক ব্যবসা ও সেবন, ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিংসহ সাইবার অপরাধ এবং কিশোর গ্যাং কার্যক্রম দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন