
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের লেংঙ্গুর দাসপাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী এক গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, “বিড়ি দিয়েই শুরু, সব নেশার গুরু”—তাই মাদক নির্মূল করতে হলে প্রথমেই ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাকিন শাহ। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
