
শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত পুলিশি টহলের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরে থাকবে ‘বডি অন ক্যামেরা’। এসব ক্যামেরার মাধ্যমে দায়িত্ব পালনকালীন পরিস্থিতি রেকর্ড করা হবে। পাশাপাশি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।
এ ছাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে। বড় বড় পূজামণ্ডপে জনসমাগম ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ মোবাইল টিম, কুইক রেসপন্স টিম ও বিশেষ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পূজার দিনগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, যেকোনো ধরনের শঙ্কা, নিরাপত্তাজনিত সমস্যা বা জরুরি প্রয়োজনে স্থানীয় থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা নেওয়া যাবে।
শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।





