![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৯:১০ পি.এম
শার্শায় এক কেজি গাঁজাসহ ইজিবাইক জব্দ, গ্রেপ্তার ১
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও একটি পুরাতন ইজিবাইকসহ মোঃ আব্দুর রউফ ওরফে রফু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শার্শা ইউনিয়নের শার্শা গ্রামের কামারবাড়ী মোড় সংলগ্ন আয়ুব হোসেনের চায়ের দোকানের সামনে শার্শা-গোড়পাড়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রউফ ওরফে রফু বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের মৃত আরাফাত মোড়লের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই মোঃ সবুজ গাজী, এএসআই মোঃ রহমান আলী, এএসআই মোঃ আতাউর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রফুর হেফাজত থেকে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি পুরাতন ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদক পরিবহন, বিক্রি ও সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.