শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মাগুরার সিভিল সার্জন

​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মনন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর গত ২৫ মার্চের অনলাইন সভার নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ২৯ মার্চ ২০২৬ (রবিবার) মাগুরার সিভিল সার্জন ডা: শামীম কবির শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন।

চিকিৎসকদের উপস্থিতি ও শৃঙ্খলা:

পরিদর্শনকালে হাসপাতালে পদায়িত ১৭ জন চিকিৎসকের মধ্যে ১৪ জনকে কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়। বাকিদের মধ্যে ১ জন নৈমিত্তিক ছুটিতে এবং ২ জন ডেপুটেশনে কর্মরত রয়েছেন। উপস্থিত সকল চিকিৎসককে যথাসময়ে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে দায়িত্ব পালন করতে দেখা যায়। সিভিল সার্জন উপস্থিত সকল চিকিৎসককে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক আইডি কার্ডসহ এপ্রন পরিহিত অবস্থায় সেবা প্রদানের নির্দেশ দেন।

পরিবেশ ও পরিচ্ছন্নতা:

হাসপাতালের অন্তর্বিভাগের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করে সিভিল সার্জন এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। তবে হাসপাতালের ড্রেন ও আঙিনার ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: সাইমুন নিছা-কে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এছাড়া এক্স-রে কক্ষ পরিচ্ছন্ন থাকলেও ডার্ক রুমটি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

সেবার মান ও রোগীর সন্তুষ্টি:

সিভিল সার্জন বহির্বিভাগের এনসিডি কর্নার, আইএমসিআই ও ইপিআই কক্ষ পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। বর্তমানে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে ব্রেস্ট ফিডিং কর্নারের ফ্যান নষ্ট থাকায় তা দ্রুত মেরামতের জন্য ইউএইচএফপিও ডা: সাইমুন নিছা-কে নির্দেশ দেন তিনি।

খাদ্য ও আবাসন ব্যবস্থা:

হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে এর প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন সিভিল সার্জন। রোগীদের জন্য বরাদ্দকৃত ‘ডায়েট’ বা খাবারের সঠিক পরিমাণ ও গুণগত মান নিশ্চিত করতে তিনি আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আব্বাস আলী এবং নার্সিং ইনচার্জকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিসংখ্যান:

আজ ২৯ মার্চ ২০২৬ তারিখের তথ্যানুযায়ী, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে মোট ৫৪১ জন রোগী সেবা নিয়েছেন। এছাড়া অন্তর্বিভাগে ৯৬ জন রোগী ভর্তি ছিলেন এবং সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত জরুরি বিভাগে ৩৬ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন