রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে ভাবনা নাই, উচ্চ পদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে যথেষ্ট আন্তরিক না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শিক্ষকরা চান তাদের সংকট যেন সংসদে তুলে ধরা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে এনসিপির পক্ষ থেকে।’
শিক্ষকদের রাষ্ট্রের বিবেক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা তৃতীয় শ্রেণির জীবনযাপন করেন, দ্বিতীয় শ্রেণির চাকরি করেন, অথচ প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন। এটা বিশাল মহান একটা কাজ। আপনারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন।
তিনি আরও বলেন, আপনাদের সম্মান নিশ্চিত করার স্বার্থে আমাদের জায়গা থেকে যা যা করা লাগে, আপনারা দেখতে পাবেন, আমরা তা-ই করব, ইনশাআল্লাহ।