
৪০ বছরের ঐতিহ্যবাহী বাগবাটি হাটে দেশের বিভিন্ন জেলার পাইকারদের ভিড়, তবুও লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা
মাসুদ রানা বাচ্চু স্টাফ রিপোর্ট সিরাজগঞ্জঃ
শীতের মৌসুমি ফল জলপাইকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বাগবাটি হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জলপাই কেনাবেচা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন এই হাটে। প্রতিদিন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই। তবে পরিবহন খরচ, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং বাজারে ক্রেতা ও কোম্পানির চাহিদা কম থাকায় এবার লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা।
শীতের আগমনী বার্তার সঙ্গে সিরাজগঞ্জে শুরু হয়েছে জলপাইয়ের মৌসুম। আর মৌসুমের শুরুতেই জমে উঠেছে সদর উপজেলার বাগবাটি এলাকার ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। প্রতিদিন সকাল থেকে অটোরিকশা, ভ্যান ও পিকআপে করে বস্তাভর্তি জলপাই নিয়ে আসছেন বিক্রেতারা। হাটে পলিথিনের ওপর ঢেলে স্তূপ করে রাখা হচ্ছে এসব জলপাই। পরে ছোট, মাঝারি ও বড় – এই তিন ভাগে বাছাই করে বিক্রি করা হচ্ছে পাইকারদের কাছে।
প্রতিবছর আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ – এই চার মাস জলপাইয়ের ভরা মৌসুম। বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া, কানগাতি, হরিনা বাগবাটি, খাগা, সুবর্ণগাতি, ফুলকোচা, একডালা, রতনকান্দি ও ব্রাহ্মণবাগসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে জলপাই নিয়ে আসেন চাষি ও ব্যবসায়ীরা। এখান থেকে জলপাই কিনে নিয়ে যান পাবনা, নাটোর, টাঙ্গাইল, বগুড়া, ঢাকা, বরিশাল, যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা।
স্থানীয়দের কাছে বাগবাটি হাটের পরিচিতি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো। প্রতিদিন এই হাটে বিক্রি হচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
বাগবাটি হাট প্রায় ৪০-৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী হাট। ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন এলাকা থেকে আগাম গাছ কিনে জলপাই সংগ্রহ করেন। পরে বাছাই করে বরিশাল, যশোর, খুলনা, ঢাকা ও মানিকগঞ্জসহ বিভিন্ন মোকামে পাঠান। তবে এবার বাজারদর কম, শ্রমিক ও পরিবহন খরচ বেশি হওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। ৬০-৭০ লাখ টাকা বিনিয়োগ করেও ৪০-৫০ লাখ টাকা তোলা কঠিন হয়ে পড়েছে।
তবে হাটে বেচাকেনা জমে উঠলেও স্বস্তিতে নেই ব্যবসায়ীরা। তাদের দাবি, এবার জলপাইয়ের বাজার কিছুটা মন্দা। শ্রমিকের মজুরি ও জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে সংগ্রহ ও পরিবহন খরচ। অন্যদিকে কোম্পানিগুলোর চাহিদা কম থাকায় প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা। অনেক ব্যবসায়ীর অভিযোগ, লাখ লাখ টাকা বিনিয়োগ করেও এবার মূলধন তুলে আনাই কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই হাটে এখনো নেই পর্যাপ্ত শেড, জলপাই ধোয়ার জন্য নির্দিষ্ট হাউস কিংবা পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি ও রোদে পণ্য নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। তাই হাটের পরিবেশ উন্নয়নে সরকারি উদ্যোগ চান ব্যবসায়ী ও শ্রমিকরা। সরকারের কাছে তাদের দাবি, এই পুরোনো হাটটির উন্নয়নে নজর দেওয়া হোক। বিশেষ করে জলপাই ধোয়ার পানির নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা করা হলে হাটের পরিবেশ ভালো হবে এবং ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
জলপাই বাছাইয়ের শ্রমিকরা জানান, ব্যবসায়ীরা বাগবাটি হাটে জলপাই নিয়ে আসেন। তারা ছোট, বড় ও মাঝারি – এই তিন ভাগে জলপাই বাছাই করেন। এরপর ঢাকাসহ ফরিদপুর, বোয়ালমারী ও মানিকগঞ্জে পাঠানো হয়। এবার কোম্পানি না আসায় জলপাইয়ের দাম কম। সরকারের কাছে দাবি, কোম্পানিগুলোকে এখানে আনার উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি জলপাই ধোয়ার জন্য একটি হাউস ও বৃষ্টি থেকে রক্ষায় একটি শেড নির্মাণ করে দেওয়া হোক। তাহলে তাদের কর্মসংস্থান ও জীবিকা বাঁচবে।
জলপাই শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও বেশ জনপ্রিয়। এই টক ফল দিয়ে আচারসহ নানা মুখরোচক খাবার তৈরি করেন অনেকেই। সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বড় বাগান না থাকলেও বসতবাড়ির আঙিনায় জলপাই চাষ করছেন অনেকে। তুলনামূলক কম পরিচর্যায় উৎপাদন হওয়ায় দিন দিন বাড়ছে এই ফলের চাষ।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ রেজাউল হক বলেন, সিরাজগঞ্জের একটি বিশেষ কৃষিপণ্য জলপাই। বাগবাটি হাটে প্রতিদিন প্রায় তিন থেকে চারশ মণ জলপাই বিক্রি হচ্ছে। কৃষকদের সময়মতো সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গত বছরের মতো এবারও ভালো ফলন ও ন্যায্যমূল্য পেয়ে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি। পাশাপাশি জলপাইয়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের চারা বিতরণ করা হচ্ছে।
ঐতিহ্যবাহী বাগবাটি জলপাইয়ের হাট ঘিরে প্রতিবছর তৈরি হয় কর্মসংস্থানের সুযোগ। তবে এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে প্রয়োজন আধুনিক অবকাঠামো, সংরক্ষণ ও বিপণন সুবিধা। ব্যবসায়ীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী এই হাট যেমন টিকে থাকবে, তেমনি লাভবান হবেন কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকরা।




