বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীপুরে লাইফ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, ক্ষোভে হাসপাতাল ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত প্রসূতির নাম রুমা আক্তার (২৫)। তিনি শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী।
স্বজনদের দাবি, গতকাল রোববার রাত ১০টার দিকে লাইফ কেয়ার হাসপাতালে রুমা আক্তারের অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই ঘণ্টা পর অস্ত্রোপচারের মাধ্যমে একটি নবজাতকের জন্ম হয়। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে। তবে পরে রাত দুইটার দিকে রুমা আক্তারের মৃত্যু হয় বলে তারা জানতে পারেন।
রুমার বোন কামরুন নাহার অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের কিছুই জানায়নি। একপর্যায়ে গভীর রাতে রোগীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আজ সোমবার সকালে রুমার মরদেহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের সামনে রেখে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সেখান থেকে চলে যান।
আরেক স্বজন মানজুমা আক্তারের অভিযোগ, অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই নার্সদের দিয়ে অস্ত্রোপচার করানো হয়েছিল, যার কারণে রোগীর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভাঙচুর চালান।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশীদ জানান, প্রসূতির মৃত্যুর অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তে শ্রীপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
এদিকে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন