
বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে প্রবাসী সৈয়দ মোহাম্মদ আলী সিদ্দিকীসহ একাধিক ব্যক্তির জমি দখলকারী শেখ শামীম মূলত সাংবাদিক পরিচয়ের আড়ালে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে নতুন তথ্য জানা গেছে। দেওয়ানী আদালতে মামলা চলমান থাকার পরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁর এই জমি দখল ও মাদক কারবারের বিষয়টি ‘আজকের খবর’-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি ইদবীন হাসান নাহিদকে জানিয়েছেন ভুক্তভোগী জমির মালিকেরা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, শেখ শামীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গণমাধ্যমের প্রভাব খাটান এবং এই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে একের পর এক মানুষের জমি জোরপূর্বক দখল করে চলেছেন। আদালতের বিচারাধীন বিষয়কে তোয়াক্কা না করে সাংবাদিকতার অপব্যবহার এবং মাদক চক্রের সাথে জড়িয়ে পড়ার এই ঘটনায় স্থানীয় ভুক্তভোগী মালিকেরা এখন একজোট হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
পেশাগত পরিচয় ব্যবহার করে প্রবাসীর জমি গ্রাস ও সাধারণ মানুষকে হয়রানি করার এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর, ভুক্তভোগীরা ‘আজকের খবর’ মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে এই ভুয়া বা অপসাংবাদিকের মুখোশ উন্মোচনসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


