সাপাহারে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

নওগাঁর সাপাহার উপজেলা-এ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মেলা প্রাঙ্গণে জনসচেতনতামূলক সভা, সেমিনার ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি আব্দুন নুর-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় সুধীজন।
মেলায় অনলাইন নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান যাচাই ও ডিজিটাল ভূমি সেবাসহ নানা ধরনের আধুনিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। একইসঙ্গে মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে সরাসরি সেবা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের মাঝে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন